আমি একটা মানুষ চিনি - mehedi84hasan

আমি একটা মানুষ চিনি
তোমার মতন হাসতে পারে
ইচ্ছে হলে গাইতে পারে
অপার জলে নাইতে পারে।
কাঁদতে পারে, চলতে পারে
সত্য-মিথ্যা বলতে পারে
চক্ষু বুজে ঘুমের খোঁজে
রাত্রি নৌকো বাইতে পারে।
আমি একটা মানুষ চিনি
তোমার মতন লিখতে পারে
যোগ বিয়োগের অংক পারে
মন খারাপে হাসতে পারে।
রাগতে পারে, বুঝতে পারে
হারিয়ে গেলে খুঁজতে পারে
ব্যথায় ভরা ক্লান্ত দেহে
নতুন ব্যথা সইতে পারে।
আমি একটা মানুষ চিনি
তোমার মতন বাঁচতে পারে
মেঘ দেখলেই কাঁদতে পারে
হৃদের সুতোয় বাঁধতে পারে।
খেলতে পারে, দেখতে পারে
বাজার দরে হারতে পারে
আবার উঠে ঠিক দাঁড়িয়ে
তোমার মতই টিকতে পারে।
..
-------আফসানা খানম

0 comments:
Post a Comment